
নিজস্ব প্রতিবেদক, পর্যটন সংবাদ: বিদেশি প্রতিষ্ঠান থেকে কেনা ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন নিতে হবে না। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি অর্থ প্রেরণ করতে পারবে।
রোববার (৩১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যান্ডউইথ কেনার সময় ব্যাংকগুলোকে কয়েকটি নথি যাচাই করতে হবে। এর মধ্যে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে চুক্তির কপি, বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থার অনুমোদনপত্র, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী। এসব নথি ব্যাংকগুলোকে সংরক্ষণে রাখতে হবে এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন টিমের কাছে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী নীতিমালা মেনে চলতে হবে।
এছাড়া বিদেশি আমদানিকারক ও ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টি ইস্যুর ক্ষমতাও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদনের আওতায় দেওয়া হয়েছে। ফলে স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরের জন্য আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এ পদক্ষেপের ফলে রপ্তানি বাণিজ্য সহজ হবে, প্রকল্প বাস্তবায়ন দ্রুত হবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নির্দেশনা সময় বাঁচাবে এবং প্রক্রিয়াকে সহজ করবে। বিশেষ করে ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে দেরি হবে না, যা আন্তর্জাতিক লেনদেনকে আরও কার্যকর করবে।



