
পর্যটন সংবাদ ডেস্ক : নড়াইলের পানিপাড়ায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে আজ বিকেল ৪টায় উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ও একমাত্র অরুণিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ। আয়োজকরা এটিকে দেশের গলফ ও পর্যটন খাতে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করছেন।
উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির সভাপতি খাবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কল্যাণ ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তৌহিদা সুলতানা এবং সম্পান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমামুল হাসান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।
দেশের বিভিন্ন গলফ ক্লাব থেকে গলফার ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি জমকালো হবে বলে আশা করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ চালু হলে বাংলাদেশের গলফ অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক গলফ পর্যটকদের আকৃষ্ট করে দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে।


