ভোজ্যতেলে কারসাজি: কোটি টাকা হাতিয়ে নিল টিকে গ্রুপ

পর্যটন সংবাদ ডেস্ক : চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী টিকে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মাত্র দুই মাসে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তদন্তে প্রমাণিত হয়েছে, রমজান ও ঈদের মতো চাহিদার মৌসুমকে টার্গেট করে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে কোম্পানিটি প্রায় ৪ হাজার কোটি টাকার ব্যবসা করেছে এবং ৫০০ কোটি টাকার বেশি অবৈধ মুনাফা করেছে।

২০২২ সালের শুরুতে দেশের আটটি বড় তেল কোম্পানি মিলে সরবরাহ ঘাটতির নাটক সাজিয়ে সরকারকে দাম বাড়াতে বাধ্য করে। শবনম ভেজিটেবল অয়েল ছিল এই সিন্ডিকেটের অন্যতম প্রধান খেলোয়াড়। কোম্পানিটি নিজেদের পুরো উৎপাদন ক্ষমতা ব্যবহার না করে ইচ্ছাকৃতভাবে উৎপাদন অর্ধেকে নামিয়ে আনে। গুদামে অপরিশোধিত সয়াবিন তেলের বিশাল মজুদ রেখেও বাজারে সরবরাহ বন্ধ রাখে। ফলে ফেব্রুয়ারিতে এক লাফে ৮ টাকা দাম বেড়ে যায় এবং নির্ধারিত ১৬৮ টাকার পরিবর্তে বাজারে তেল বিক্রি হয় ১৭৫ টাকার উপরে।

রমজানের সময় চাহিদা তুঙ্গে উঠলে তারা পরিবেশকদের সঙ্গে আইনবিরোধী বোঝাপড়ার মাধ্যমে সরবরাহ আরও বিলম্বিত করে। আইন অনুসারে ১৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হলেও তারা সময় নিয়েছে ২৫ দিন। টিসিবির তথ্য বলছে, জানুয়ারির তুলনায় মে মাসে সয়াবিন তেলের সরবরাহ কমেছে ৩০ শতাংশ, আর দাম বেড়েছে ২২ থেকে ২৭ শতাংশ পর্যন্ত।

প্রতিযোগিতা কমিশন এই অভিযোগ প্রমাণিত হওয়ায় শবনম ভেজিটেবল অয়েলকে ৩২ কোটি টাকা জরিমানা করেছে। তবে অনেকেই মনে করছেন এই জরিমানা একেবারেই অপ্রতুল। কারণ কোম্পানির ২০২২ সালের টার্নওভার ছিল ৪ হাজার কোটি টাকার বেশি, অথচ জরিমানা করা হয়েছে টার্নওভারের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ।

কোম্পানি কর্তৃপক্ষ ইতোমধ্যে জরিমানার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিযোগিতা কমিশনের সদস্য আফরোজা বিলকিস বলেছেন, এটি তাদের বিরুদ্ধে প্রথম মামলা হওয়ায় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। অন্য জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোক্তা অধিকার সংগঠনগুলো অবশ্য বলছে, জরিমানা যত বড়ই হোক, শেষ পর্যন্ত আদায় হয় না এবং প্রভাবশালীদের চাপে মাফ হয়ে যায়। এ ঘটনায় সাধারণ মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা চলে গেছে একদল অসাধু ব্যবসায়ীর পকেটে, যা দেশের অত্যাবশ্যকীয় পণ্যের বাজারে সিন্ডিকেটের শক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে।

Read Previous

বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়ন শুরু করেছে

Read Next

জেট ফুয়েলের দাম কমায় সব রুটে বিমান ভাড়া ৫ শতাংশ হ্রাস করল এয়ারএশিয়া এক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular