
খাগড়াছড়ি প্রতিনিধি │ পর্যটন সংবাদ: খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় পরিদর্শনকালে তিনি বলেন, ঘটনার তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি ইতোমধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছে। আগামী রোববার থেকে তারা সরেজমিনে তদন্ত কার্যক্রম চালাবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হচ্ছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদরে অবরোধ চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে স্বনির্ভর বাজারের বাঙালি ব্যবসায়ীদের দোকানপাটে হামলা ও লুটপাট হয়। এতে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।



