
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা আপাতত চালু না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তবে তিনি আশ্বস্ত করেছেন, খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হবে।
সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার ঐতিহ্যবাহী দুর্গামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি জানান, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যাপ্ত জনবল না থাকায় আপাতত পর্যটন ভিসা দেওয়া যাচ্ছে না। তবে ব্যবসা ও চিকিৎসাসহ একাধিক ক্যাটাগরির ভিসা চালু রয়েছে। তিনি বলেন, “লোকবল সংকট কাটলেই বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করা হবে।”
সেদিন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারিসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও ভিআইপিরা মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় এবং কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম।
পরে অতিথিরা বজরাযোগে লৌজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গামণ্ডপে যান। সেখানে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের মনোজ্ঞ আরতি নৃত্য উপভোগ করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ এবং মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলামও উপস্থিত ছিলেন।



