
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : হজযাত্রী পরিবহনের পাশাপাশি চলতি হজ মৌসুমে ফাঁকা ফ্লাইটের আসনগুলোতে সাধারণ যাত্রী ও প্রবাসীদের নিয়ে যাওয়ার একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে ঢাকা-জেদ্দা-মদিনা রুটে একমুখী যাতায়াত করা যাবে মাত্র ২০ হাজার ৫০০ টাকায়।
সাধারণত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার পর ফ্লাইটগুলো ফাঁকা অবস্থায় ফিরে আসতে হয়। একইভাবে ফিরতি ফ্লাইটেও অনেক সময় আসন খালি থাকে। এবার সেই খালি আসনগুলোকে কাজে লাগিয়ে কম ভাড়ায় সাধারণ যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করেছে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি। এই উদ্যোগের মাধ্যমে বিমানের অতিরিক্ত আয় হতে পারে অন্তত ১০০ কোটি টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, ডেডিকেটেড হজ ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পাওয়া গেছে। যাত্রী সুবিধার কথা বিবেচনা করে ভাড়া সর্বনিম্ন রাখা হয়েছে। এর আগে সৌদি কর্তৃপক্ষের কিছু শর্তের কারণে এমন সুবিধা দেওয়া সম্ভব ছিল না, তবে এবার সেই সীমাবদ্ধতা কিছুটা শিথিল করায় এই সুযোগ তৈরি হয়েছে।
এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, হজ টার্মিনাল থেকে যাত্রী নামিয়ে অল্প সময়ের মধ্যে ফ্লাইটগুলোকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্ভব। এতে শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনও বাড়ানো যাবে। সৌদি কর্তৃপক্ষের পূর্ণ অনুমতি পেলে ভবিষ্যতে হজ ভাড়াও আরও কমানো সম্ভব হবে।
বিশেষজ্ঞরা এই উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন। এতে বিমানের আয় বাড়ার পাশাপাশি সাধারণ যাত্রীদেরও কম খরচে সৌদি আরব যাওয়ার সুযোগ তৈরি হবে। টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে।


