২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা-নিরাপত্তা সহযোগিতা, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশী পাসপোর্ট ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।” তিনি এসব খাতে বিনিয়োগ বাড়ানোসহ দু’দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর দেন।

রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করলে মন্ত্রী জানান, ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, “পাসপোর্ট ইস্যুতে কোনো দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।” প্রয়োজনীয় শর্ত পূরণকারীদের দ্রুত পাসপোর্ট দেওয়ার জন্য সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read Previous

হজ মৌসুমে সাধারণ যাত্রীদের জন্য বিমানের বিশেষ সুবিধা: ঢাকা-জেদ্দা মাত্র ২০ হাজার ৫০০ টাকায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular