
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : হজযাত্রীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। সরকার হজের মোট খরচ কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে এবং এর অংশ হিসেবে আগামী বছর থেকে বিমানভাড়া অন্তত ২০ হাজার টাকা কমানো সম্ভব হতে পারে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে হজযাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। বেসরকারি লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এবং সৌদি আরবের রাওয়াফ মিনা এজেন্সির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “বিমানভাড়া সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে, যাতে হজযাত্রীদের ওপর অর্থনৈতিক চাপ কমে।” একইসঙ্গে তিনি হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানান। কোনো হজ এজেন্সি যাত্রীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম কায়সার বলেন, স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও সরকার একটি সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের হজযাত্রীরা আরও উন্নত ও স্বস্তির সেবা পাবেন।
হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার নুসুক কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কার্ড ছাড়া হারাম শরীফে প্রবেশ করা সম্ভব নয়। কার্ড হারিয়ে গেলে যাত্রীরা জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করে তিনি কার্ড বিতরণে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো দেশের অভ্যন্তরে থেকেই হজযাত্রীদের হাতে নুসুক কার্ড তুলে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে সৌদি আরবে পৌঁছে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে।



