
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : আগামী সপ্তাহ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হতে যাচ্ছে। চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও চালু করতে ভারত সম্মতি প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় মেডিকেল ও বিজনেস ভিসা দ্রুত চালুর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
হুমায়ুন কবির আরও জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয় এবং তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হবে।
এছাড়া, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কার্যকর করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছে এবং জনগণের সমর্থন নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছে।
জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও দুই দেশের ইতিবাচক মনোভাব থাকলে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠককে তিনি ফলপ্রসূ বলে উল্লেখ করেন।



