সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: অভিন্ন নিরাপত্তা অঙ্গীকারের নতুন অধ্যায়

পর্যটন সংবাদ ডেস্ক: পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি সৌদি আরব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার জন্য এক অভিন্ন প্রতিশ্রুতি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বহু বছরের আলোচনার ফল এই চুক্তি। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়ায় নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগিতাকে আনুষ্ঠানিক কাঠামোয় নিয়ে আসা। একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানান, এটি সব ধরনের সামরিক সহযোগিতাকে অন্তর্ভুক্ত করা এক বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি।

চুক্তি স্বাক্ষরের সময় দুই নেতার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং নিরাপত্তা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, এই চুক্তি স্বাক্ষরিত হলো আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠকের দুই দিন পর। দোহায় আয়োজিত সেই বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানায় মুসলিম দেশগুলো।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিরক্ষা চুক্তি শুধু রিয়াদ-ইসলামাবাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Read Previous

বরিশালে ১৭ বিয়ের অভিযোগে বরখাস্ত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী পুলিশের হেফাজতে

Read Next

ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular