সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশে হতে পারে মৃদু তাপপ্রবাহ

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে এ মাসে দেশের কোথাও কোথাও ১-২ দিন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সোমবার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। কোথাও কোথাও তিন থেকে পাঁচ দিন বজ্রবৃষ্টি হতে পারে।

নদ-নদীর বিষয়ে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে উত্তর, উত্তরপূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন হবে তিন থেকে পাঁচ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল পাঁচ থেকে সাত ঘণ্টা।

আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি (১.২ শতাংশ) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। গত মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার একটি নিম্নচাপে রূপ নেয়।

এ ছাড়া আগস্টে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে একাধিক দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। ২১ আগস্ট কুতুবদিয়ায় একদিনে সর্বোচ্চ ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ময়মনসিংহে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

Read Previous

মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি মামুন

Read Next

মার্কিন বাণিজ্য উপদেষ্টার কড়া সমালোচনা: রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় “লজ্জাজনক” মোদি-পুতিন-শি বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular