পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে “লজ্জাজনক” মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নাভারো অভিযোগ করেন— রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো উচিত ভারতের। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে মোদি-পুতিন-শি বৈঠক নিয়ে তিনি বলেন, “মোদিকে শি জিনপিং আর পুতিনের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক। জানি না তিনি কী ভাবছেন।”
এর আগে চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দেন নরেন্দ্র মোদি। সেখানেই রুশ প্রেসিডেন্ট ও চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। তার একদিন পরই এ ধরনের সমালোচনা আসে নাভারোর কাছ থেকে।
ভারত-রাশিয়া বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন নাভারো। তার দাবি, ভারত রাশিয়ার কাছ থেকে ছাড়কৃত দামে অপরিশোধিত তেল কিনছে, যা ইউক্রেনে যুদ্ধ চালানোর অর্থ যোগাচ্ছে মস্কোকে। বিষয়টিকে তিনি “ক্রেমলিনের মানি লন্ড্রির জায়গা” বলেও উল্লেখ করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, ভারতীয় শোধনাগারগুলো রুশ তেল সস্তায় কিনে প্রক্রিয়াজাত করছে এবং পরে তা উচ্চমূল্যে রপ্তানি করছে। এতে একদিকে ইউক্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
এছাড়া ভারতের বাণিজ্যনীতিকেও নিশানা করেন নাভারো। তার ভাষায়, “ভারত হলো ট্যারিফের মহারাজা।” বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের শুল্কহার সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি।
নাভারোর অভিযোগ, ভারতের রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে।



