
পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তিনি জবানবন্দি দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের দায় স্বীকার করেন মামুন। একই সঙ্গে তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেন।
এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এসব অপরাধের জন্য শেখ হাসিনা ও কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গত ১ সেপ্টেম্বর দশম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে ছয়জন প্রত্যক্ষদর্শী, চিকিৎসক ও সাংবাদিক আদালতে জবানবন্দি দেন। আজও সেই ধারাবাহিকতায় সাক্ষ্যগ্রহণ হবে।
প্রসঙ্গত, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।
অভিযোগপত্রটি মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও অন্যান্য প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা দুই হাজার ৭২৪ পৃষ্ঠায় সন্নিবেশিত। সাক্ষী হিসেবে রাখা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।



