
পর্যটন সংবাদ ডেস্ক : সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর প্রভাব পড়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের ওপর। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় তাদের শপথ নেওয়ার কথা থাকলেও, বিএনপির সিদ্ধান্তের কারণে বিষয়টি এখন ঝুলে আছে।
এই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান চূড়ান্ত করতে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে বৈঠকে বসেছেন। বৈঠকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ জোটভুক্ত সব দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে তারা শপথ নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় এটি গণভোটের চেতনার পরিপন্থী হয়ে দাঁড়িয়েছে কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, যদি বিএনপি সংস্কার পরিষদের শপথে অংশ না নেয়, তাহলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনো শপথ নেবেন না। তার ভাষায়, সংস্কার ছাড়া সংসদ কার্যকর নয়। ফলে এখন সবার দৃষ্টি ১১ দলীয় জোটের বৈঠক শেষে আসা সিদ্ধান্তের দিকে।



