
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে প্রকাশিত ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি, আর সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও জারি করা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ পরামর্শ হচ্ছে—উক্ত অঞ্চলের নদীপথে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে।
রোববার রাতে প্রকাশিত বিস্তৃত পূর্বাভাসে আরও জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকার অনেক স্থানে আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
ফলে যারা এ সময় ভ্রমণ পরিকল্পনা করছেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সমুদ্র ও নদীপথমুখী পর্যটকরা—তাদের জন্য এই আবহাওয়ার পূর্বাভাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করে নিরাপদ ভ্রমণের পরিকল্পনা নিতে অনুরোধ করা যাচ্ছে।র



