
দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে জনজীবন। এর মধ্যে রাজধানীর মিরপুরসহ কয়েক স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি, সঙ্গে বইছে শীতল বাতাস।
রোববার (১১ মে) সন্ধ্যা থেকেই ঢাকার আকাশ মেঘলা। কোথাও কোথাও আবহাওয়া যেন গুমট ভাব বিরাজ করছিল।
রাত ৮টার দিকে মিরপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর সাড়ে ৮টার দিকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। সঙ্গে বইছে শীতল বাতাস। এতে জনমনে নেমেছে স্বস্তি।
মিরপুরের বাসিন্দা তারান্নুম মুস্তারী বলেন, এই তীব্র গরমে অসুস্থ হয়ে যাচ্ছিল পরিবারের সবাই,ঘামাচি সহ বাচ্চাদের গায়ে দেখা দিচ্ছে রেশ। ঘরে থাকা যেন দায় হয়ে যাচ্ছে ফ্যানের বাতাস থেকে যেন আগুনের ফুল্কি ঝাড়ছে,যেহেতু মধ্যবিত্ত পরিবার তাই এসি সামর্থের বাহিরে। আজকের এক পশলা বৃষ্টি যেন মনে শান্তি এনে দিল। আবহাওয়া কিছুটা ঠান্ডা হবে বলেই মনে হচ্ছে।
শুধু মিরপুর নয়, সন্ধ্যার পরই কারওয়ানবাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এতে জনজীবনে মিলছে স্বস্তি। এছাড়া ঢাকার দুয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে বলে জানাযায়।
এর আগে বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পোস্টে তিনি লেখেন, বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা শহরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর ওপরে।



