
পর্যটন সংবাদ প্রতিবেদক: রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) রাতে হোটেল কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর হোটেলটির ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক কর্মী একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক নারীকে দেখতে পান। এরপর হোটেল কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হোটেলের রেজিস্ট্রারে নিহত নারীর নাম মুন্না সরকার এবং ঠিকানা হিসেবে ঢাকার ধানমন্ডি উল্লেখ ছিল। তবে ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী থেকে আসা মো. আবদুল কাদের নামের এক ব্যক্তি দাবি করেন, নিহত নারী তাঁর স্ত্রী মুন্না আক্তার, যিনি এক সন্তানের জননী ছিলেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রাঙামাটি দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে পরিচিত হলেও, এমন ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। পর্যটন সংশ্লিষ্টদের মতে, পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার না হলে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়তে পারে।
সূত্র: পর্যটন সংবাদ প্রতিবেদন



