
নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হলো জাতীয় ঐকমত্য কমিশনের চলমান দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনের বৈঠক। এই বৈঠকেই আলোচনার সূচনায় উত্তেজনার সৃষ্টি হয় বিএনপির আচরণের কারণে।
বৈঠকের শুরুতে চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে—সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল—নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ জানান, এই বিষয়টি বিএনপির নীতির পরিপন্থী এবং এ বিষয়ে তারা আলোচনায় অংশ নেবে না। সঙ্গে সঙ্গেই বিএনপির প্রতিনিধি দল ওয়াক আউট করে বৈঠক কক্ষ ত্যাগ করে।
তবে পরে কিছু সময়ের ব্যবধানে বিএনপি পুনরায় আলোচনায় ফিরে যোগ দেয়, যা রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ নিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রশ্ন তোলেন, “যখন একটি গুরুত্বপূর্ণ দল আলোচনায় নেই, তখন ঐক্যমত্য কিভাবে সম্ভব?”
এর উত্তরে সহসভাপতি আলী রীয়াজ বলেন, “বিএনপি আগেই জানিয়ে দিয়েছে যে, তারা এই চারটি প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে। একটি দলের কারণে পুরো আলোচ্য সূচি বাদ দেওয়া যায় না। তবে বৃহৎ দল না থাকলে আলোচনা কতটা ফলপ্রসূ হবে, সেটা বিবেচনায় রাখা হবে।”
জাতীয় ঐকমত্য কমিশনের এই গুরুত্বপূর্ণ সংলাপ ইতিমধ্যে রাজনৈতিক পরিমণ্ডলে নানামুখী আলোচনার জন্ম দিয়েছে।



