
পর্যটন সংবাদ ডেস্ক: মেহেরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও ওয়াকিটকি সেটসহ কুখ্যাত আকাশ গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী।
আটককৃতরা হলো—আকাশ ওরফে শাকিল (২৬), মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়পাড়ার আব্দুর রশিদের ছেলে সজিব (২৭) এবং বোসপাড়ার জসীম উদ্দীনের ছেলে রায়হান (৩৬)।
যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এসময় আকাশ গ্যাংয়ের প্রধান আকাশসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল বলে জানা গেছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি নকল পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত আসামি এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।



