২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় পুলিশ ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন-পিয়াসসহ কয়েকজন ইতিমধ্যেই পার্শ্ববর্তী দেশে পালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, অভিযুক্তরা দেশে ফিরলেই তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তিনি উপজেলার জামালপুর গ্রামে স্থাপিত পুলিশের অস্থায়ী ক্যাম্প ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, কেউ অবৈধ অস্ত্রের খবর দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কার প্রদান করা হবে।

কৃষি খাতের প্রসঙ্গেও কথা বলেন তিনি। আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা যে সমস্যায় রয়েছেন, সে বিষয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন। উপদেষ্টা জানান, আলু চাষীরা যাতে ন্যায্যমূল্য পান সেজন্য কোল্ডস্টোরে প্রতি কেজি আলুর দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনকালে ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ওসি আনোয়ার আলম আজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Read Previous

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আকাশ গ্যাংয়ের তিন সদস্য আটক

Read Next

লালন আখড়াবাড়িতে বাড়তি নিরাপত্তা, আশ্বস্ত কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular