২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোসফটের বাজারমূল্যে ইতিহাস, দ্বিতীয় কোম্পানি হিসেবে পৌঁছালো ৪ ট্রিলিয়ন ডলারে

পর্যটন সংবাদ ডেস্ক : বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট নতুন এক ইতিহাস গড়েছে। কোম্পানিটি দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে পৌঁছেছে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্যে—এনভিডিয়ার পরেই এই মাইলফলক অর্জন করল তারা।

৩০ জুলাই রাতে প্রকাশিত আর্থিক প্রতিবেদনের পরদিন, ৩১ জুলাই বৃহস্পতিবার, শেয়ারমূল্যে বড় ধরনের উত্থান ঘটে মাইক্রোসফটের। একদিনেই শেয়ার মূল্য বেড়ে যায় ৪.৫ শতাংশ, যার ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় ৪.০১ ট্রিলিয়ন ডলারে।

২০২৫ সালেই এখন পর্যন্ত মাইক্রোসফটের শেয়ারে প্রায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। ২০১৯ সালের এপ্রিল মাসে ১ ট্রিলিয়ন ডলার পেরিয়ে প্রথমবার নজর কাড়ে মাইক্রোসফট। এরপর ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ছুঁয়ে ফেলে ৩ ট্রিলিয়ন এবং চলতি আগস্টে পৌঁছাল ৪ ট্রিলিয়নের গণ্ডিতে।

বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের এই দ্রুতগতির সাফল্যের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শক্ত অবস্থান ও ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্ব। এআই-চালিত ‘কোপাইলট’ চ্যাটবট ও অন্যান্য সফটওয়্যার মাইক্রোসফটের বিক্রি বাড়াতে সহায়ক হয়েছে। একইসঙ্গে, তাদের ক্লাউড সেবার শাখা অ্যাজুর এনেছে রেকর্ড রাজস্ব।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের লক্ষ্যে কোম্পানিটি ৩০ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পূর্বাভাস দিয়েছে।

তবে সাফল্যের পাশাপাশি কর্মী সংকোচনের সিদ্ধান্তও নিয়েছে মাইক্রোসফট। জুলাই মাসেই ছাঁটাই করা হয়েছে প্রায় ৯,০০০ কর্মী, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। এর আগে, মে মাসেও ৬,০০০ জন কর্মী ছাঁটাই হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতে দক্ষতার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিশ্বজুড়ে প্রযুক্তি বাজারে নতুন দিগন্তে পৌঁছাতে থাকা মাইক্রোসফটের এই অগ্রগতি ভবিষ্যতের ডিজিটাল জগতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Read Previous

ইনজুরিতে ভাঙাচোরা কিউই শিবির, দ্বিতীয় টেস্টেও অধিনায়ক ল্যাথামকে পাচ্ছে না নিউজিল্যান্ড

Read Next

গোপন বৈঠকে গেরিলা প্রশিক্ষণ: আলোচিত মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন ডিবি হেফাজতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular