পর্যটন সংবাদ ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ের বিপক্ষে। বৃহস্পতিবার (আজ) থেকে বুলাওয়ের স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে ম্যাচের আগে একের পর এক চোট সমস্যা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে কিউইদের জন্য। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না অধিনায়ক টম ল্যাথাম।
বাঁ-হাতি এই উইকেটরক্ষক ব্যাটার কাঁধের ইনজুরির কারণে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার আশায় ছিল দল, কিন্তু ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় ছিটকে যেতে হয়েছে ল্যাথামকে। কিউই কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, “সে খুব পরিশ্রম করেছে এবং দ্বিতীয় টেস্টে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফিটনেস টেস্টে পাস করতে পারেনি। এটা অনেক বড় হতাশার।”

ল্যাথামের অনুপস্থিতিতে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। দ্বিতীয় ম্যাচেও তার কাঁধেই থাকবে দলের ভার। ল্যাথামের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অকল্যান্ডের ২৩ বছর বয়সী ব্যাটার বেভন জ্যাকবস, যিনি দ্রুতই বুলাওয়ে পৌঁছাবেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে ইনজুরি-দুর্ভাগ্য শুধু ল্যাথামের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিউই স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরও দুই গুরুত্বপূর্ণ বোলার—নাথান স্মিথ ও উইলিয়াম ও’রুর্ক।
প্রথম টেস্টে ৩ উইকেট শিকার করা ও’রুর্ক পিঠের চোটে পড়েন এবং তার জায়গায় সুযোগ পান বেন লিস্টার। অন্যদিকে ব্যাটিংয়ের সময় পেটের প্রদাহজনিত চোটে পড়েন স্মিথ। এমআরআই রিপোর্টের পর নিশ্চিত হয় তার ছিটকে যাওয়ার খবর, যার জায়গায় দলে ডাক পেয়েছেন নতুন মুখ জ্যাক ফকস।
প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচেও জয় ধরে রাখতে চাইবে। তবে ইনজুরি তালিকার দীর্ঘ হওয়া তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।



