
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হামলার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান) ওই অঞ্চলের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। এ সিদ্ধান্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে এলে ফ্লাইট পুনরায় চালু করা হবে।”
এই স্থগিতাদেশের ফলে দুবাই, আবুধাবি, শারজাহ, দোহা, কুয়েত সিটি, মানামাসহ সৌদি আরবের দাম্মাম, জেদ্দা, রিয়াদ প্রভৃতি গন্তব্যে বিমানের সব ফ্লাইট প্রভাবিত হয়েছে। বিমান কর্তৃপক্ষ যাত্রীদের বিমানের কল সেন্টার, অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটস্থ বিক্রয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আপডেট তথ্য নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে যাত্রীদের অবহিত করা হবে।



