
পর্যটন সংবাদ ডেস্ক:কর্পোরেট সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাপ্তরিক কাজে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিষ্ঠানটি। এর পরিবর্তে কর্মীদেরকে নিরাপদ ও পেশাগত যোগাযোগ মাধ্যম হিসেবে মাইক্রোসফট টিমস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আইটি বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্পোরেট নেটওয়ার্ক ও তথ্য নিরাপত্তার স্বার্থে হোয়াটসঅ্যাপের ব্যবহার সীমিত করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস ব্যবহার করেই এখন থেকে দাপ্তরিক যোগাযোগ চালাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাইক্রোসফট টিমসে ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই অ্যাকাউন্ট খোলা যায়। প্ল্যাটফর্মটিতে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ রয়েছে নানা কর্পোরেট সুবিধা, যা দৈনন্দিন অফিসিয়াল কাজকে আরও সুশৃঙ্খল ও সুরক্ষিত করে তোলে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, “সাইবার নিরাপত্তা জোরদার করতে মাইক্রোসফটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা হয়েছে। কয়েক মাস আগে বিমানের ডেস্কটপ কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, এবার আরও একটি ধাপ এগিয়ে পুরো দাপ্তরিক যোগাযোগে টিমস ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তের ফলে শুধু সাইবার ঝুঁকি কমবে না, বরং কর্মীদের মধ্যে পেশাদার যোগাযোগের একটি সুসংহত সংস্কৃতি গড়ে উঠবে।”
বিশ্বজুড়ে বহু সরকারি ও বেসরকারি সংস্থাই ইতোমধ্যে হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক যোগাযোগের তালিকা থেকে বাদ দিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।



