
পর্যটন সংবাদ ডেস্ক: আজ (শনিবার) নোবেলজয়ী অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
ড. ইউনূসের শৈশব কেটেছে সাধারণ একটি পরিবারে—পিতা দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ এবং তিনি দুই কন্যা সন্তানের গর্বিত পিতা।
ছোটবেলা থেকেই মেধাবী ড. ইউনূস চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় ১৬তম স্থান অর্জন করেন। এরপর চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৬১ সালে শিক্ষকতা শুরু, আর ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
স্বাধীনতা যুদ্ধের সময় ড. ইউনূস ছিলেন প্রবাসে, কিন্তু দেশের জন্য তার ভালোবাসা থেমে থাকেনি। আমেরিকায় গড়ে তোলেন ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে রাখেন অসামান্য ভূমিকা।
স্বাধীনতার পর ১৯৭৪ সালের দুর্ভিক্ষে দারিদ্র্য বিমোচনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। ১৯৭৬ সালে গড়ে তোলেন গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক প্রকল্প। আর ১৯৮৩ সালে এটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপ নেয়। ক্ষুদ্রঋণ ব্যবস্থার এই মডেল আজ ৪০টিরও বেশি দেশে অনুসরণ করা হচ্ছে।
২০০৬ সালে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে অর্জন করেন নোবেল শান্তি পুরস্কার, যা বাংলাদেশকে গর্বিত করে তোলে আন্তর্জাতিক অঙ্গনে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন।
রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের জেরে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস।
আজ, এই মহান মানুষটির জন্মদিনে দেশজুড়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাচ্ছেন শ্রদ্ধা ও শুভেচ্ছা। একজন শিক্ষক, সমাজচিন্তক, মুক্তিযোদ্ধা ও উদ্যোক্তা হিসেবে তার অবদান যুগের পর যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে।
ড. ইউনূসের জীবনী পর্যটকদের জন্যও আকর্ষণীয় — চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে এক নতুন পর্যটন কেন্দ্র, যা জানাবে বাংলাদেশের সাহসী চিন্তার এক প্রতীক ব্যক্তিত্বের গল্প।
পর্যটন সংবাদ | মানুষের গল্পে পর্যটনের ছোঁয়া



