
পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন? তবে জেনে নিন, এখন থেকে ইউএস ভিসার জন্য আবেদন করার সময় আপনার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ‘পাবলিক’ অর্থাৎ সকলের জন্য উন্মুক্ত রাখা বাধ্যতামূলক হতে পারে।
গত ১৯ জুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নন-ইমিগ্র্যান্ট ভিসা—বিশেষত শিক্ষা ও ভিজিট ক্যাটাগরির (F, M ও J শ্রেণি)—আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ রাখতে বলা হচ্ছে।
এই নির্দেশনার মূল উদ্দেশ্য, আবেদনকারীদের ডিজিটাল আচরণ ও মনোভাব যাচাই করে আরও কঠোরভাবে বাছাই প্রক্রিয়া চালানো। যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, সরকার, নাগরিক ও নীতিমালার প্রতি বিরোধিতামূলক মনোভাব আছে কিনা, সেটি যাচাই করতেই এই পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন।
ঢাকায় মার্কিন দূতাবাস ২৬ জুন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “F, M ও J ক্যাটাগরির নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি পাবলিক করতে, যাতে আইনানুগ ও পরিবেশ উপযোগী প্রেক্ষাপটে তাদের যোগ্যতা মূল্যায়ন সহজ হয়।”
এছাড়া, দূতাবাস থেকে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে আগাম প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। কারণ ভিসা আবেদন প্রক্রিয়ায় এখন আরও কঠোরতা আনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণ বা পড়াশোনার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের এখন আরও সতর্ক হয়ে ডিজিটাল আচরণ গড়ে তোলা জরুরি।
যারা মার্কিন ভিসার জন্য আবেদন করছেন, তারা যেন সোশ্যাল মিডিয়ায় শালীন, ইতিবাচক এবং নীতিগতভাবে গ্রহণযোগ্য আচরণ বজায় রাখেন।
সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা | বিবিসি | পর্যটন সংবাদ নিজস্ব প্রতিবেদন



