১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের আইকনিক বুর্জ আল আরব ১৮ মাসের বড় সংস্কারে বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক : দুবাইয়ের বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব আগামী ১৮ মাসের জন্য বন্ধ থাকবে। ১৯৯৯ সালে চালু হওয়ার পর এটিই হোটেলটির প্রথম বড় ধরনের সংস্কার কাজ। বুধবার একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

হোটেলের মালিক জুমিরাহ গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সংস্কার কাজটি বিভিন্ন পর্যায়ে সম্পন্ন করা হবে এবং এর নেতৃত্ব দেবেন প্যারিসভিত্তিক প্রখ্যাত ইন্টেরিয়র আর্কিটেক্ট ট্রিস্টান আউয়ের। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি যে পুরো সময়টায় হোটেল সম্পূর্ণ বন্ধ থাকবে কি না। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, সংস্কার চলাকালীন বুকিংয়ে থাকা অতিথিদের জন্য আশেপাশের অন্য হোটেলে বিকল্প থাকার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন, কাজের সময়সীমা পরিবর্তন হতে পারে।

পাল আকৃতির এই হোটেলটি দুবাইয়ের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক এবং জুমিরাহ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রকল্প। চলতি মার্চ মাসের শুরুতে ইরানি ড্রোন হামলা প্রতিহত করার সময় ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে হোটেলের সম্মুখভাগে সামান্য ক্ষতি হয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই ‘বহু প্রতীক্ষিত’ সংস্কার কাজটি মার্চের ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। জুমিরাহর বিবৃতিতেও যুদ্ধের সঙ্গে এ প্রকল্পের কোনো যোগসূত্র উল্লেখ করা হয়নি।

তবে সময়টি উল্লেখযোগ্য। বর্তমানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে পুরো অঞ্চলের পর্যটন খাত মন্থর হয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং পর্যটকদের চাহিদা কমে যাওয়ায় বিলাসবহুল ভ্রমণ সংস্থাগুলো মুনাফায় চাপের আশঙ্কা করছে।

সূত্র: রয়টার্স

Read Previous

কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে: মন্ত্রী আফরোজা খানম

Read Next

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় শুরু হলো ‘ক্লিন অ্যাজ ইউ গো’ পরিচ্ছন্নতা অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular