১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে: মন্ত্রী আফরোজা খানম

পর্যটন সংবাদ ডেস্ক : কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার পরও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে আরও কয়েক মাস সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বিধিবিধান ও পরিচালনাগত মান নিশ্চিত করে ইতোমধ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) থেকে প্রয়োজনীয় সনদ অর্জন করা হয়েছে। এছাড়া পূর্ণ লোডে ওয়াইড-বডি বিমান নিরাপদে অবতরণ ও উড্ডয়নের সক্ষমতা বাড়াতে রানওয়েকে সমুদ্রের দিকে সম্প্রসারণ করে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে।

একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুবিধার্থে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি আধুনিক নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে টার্মিনালটির পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং প্রক্রিয়া চলমান রয়েছে। টার্মিনালটি সব প্রয়োজনীয় অপারেশনাল সুবিধা সম্বলিত বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে সব প্রক্রিয়া চূড়ান্ত করে বিমানবন্দরটিকে পুরোপুরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে উল্লেখ করেন আফরোজা খানম।

সূত্র: বাসস

Read Previous

ছুটির দিনে সন্তোষপুর: বানরের সঙ্গে অভূতপূর্ব মিলন ও প্রকৃতির অপরূপ সান্নিধ্য

Read Next

দুবাইয়ের আইকনিক বুর্জ আল আরব ১৮ মাসের বড় সংস্কারে বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular