
পর্যটন সংবাদ ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিয়াজ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে রোববার (৩ আগস্ট) ভোরে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।
এদিকে, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও ১১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরগুনা জেলায়—মোট ৬৮ জন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩ জন, পটুয়াখালীতে ১৯ জন, পিরোজপুরে ১০ জন এবং ভোলায় ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
পর্যটকদের প্রতি সতর্কবার্তা: বরিশাল ও আশপাশের জেলায় ভ্রমণের পরিকল্পনা থাকলে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে অবগত থেকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে প্রশাসন। স্থানীয়ভাবে মশা প্রতিরোধে উদ্যোগ জোরদার করা হলেও, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে কার্যকর পন্থা।



