পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে আজ সোমবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকায় অবস্থানরত পর্যটকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এসময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ফলে নদীপথে ভ্রমণ কিংবা নৌ-ভিত্তিক পর্যটনে আগ্রহীদের বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, আবহাওয়া অফিসের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
পর্যটকদের উদ্দেশ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাহাড়ি এলাকা, নদীভ্রমণ বা খোলা প্রকৃতির গন্তব্যে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নেওয়া উচিত। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকলে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
– পর্যটন সংবাদ



