
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী তিন দিন দেশের প্রায় সব বিভাগেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই লঘুচাপের কারণে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আকাশজুড়ে গভীর সঞ্চারণশীল মেঘমালা। ফলে বৃষ্টি আরও তীব্র হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকায়—পরিমাণ ২০৩ মিলিমিটার। ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের সব বিভাগের নানা স্থানে ভারী বৃষ্টি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) হতে পারে, যা কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে নামবে।
আবুল কালাম মল্লিক সতর্ক করে বলেন, টানা বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে।



