পর্যটন সংবাদ ডেস্ক:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে সরাসরি নাকচ করে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন–জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা হয়নি। বৈঠক আয়োজনের আগে এজেন্ডা ও প্রাথমিক সমঝোতা চূড়ান্ত করতে হয়, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর কোনোটি হয়নি।
ল্যাভরভ আরও বলেন, প্রস্তাবিত বৈঠকের জন্য ন্যাটো সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ নানা বিষয়ে ওয়াশিংটন ও কিয়েভকে সমঝোতায় আসতে হবে। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিটি ইস্যুতেই নেতিবাচক অবস্থান ধরে রেখেছেন।
এর আগে গত ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হয়। তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেন ট্রাম্প। সে সময় ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসনের উদ্যোগে শিগগিরই পুতিন–জেলেনস্কি বৈঠক হতে পারে এবং যুক্তরাষ্ট্রই আয়োজন করবে বৈঠকটি।
তবে গত সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠককে ‘রাশিয়াকে চাপে ফেলার আনাড়ি প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছিলেন সের্গেই ল্যাভরভ।



