পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের জাতীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে দেশজুড়ে বিতর্ক চলার মধ্যেই মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার স্পষ্ট বক্তব্য— এসআইআর-এর নামে কারও ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।
শুক্রবার (২২ আগস্ট) সল্টলেকের আই বি ব্লকে অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে অসংখ্য নাগরিক আছেন যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই। কিন্তু কাগজ না থাকার অজুহাতে ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। তার মতে, “কিছুটা ভালো করার চেষ্টা করতে গিয়ে যদি অনেক বড় ক্ষতি হয়, সেটা গ্রহণযোগ্য নয়।”
অনুষ্ঠানে বাংলা ভাষা ও বাঙালিত্ব নিয়ে বাড়তে থাকা অসহিষ্ণুতার প্রসঙ্গও তুলে ধরেন অমর্ত্য সেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি শোনা যাচ্ছে। আমি তো ফরাসি জানি না— জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো?” রসিক ভঙ্গিতে তিনি আরও যোগ করেন, “আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই।”
‘ভারতের যুব সমাজ এবং তাদের সামাজিক সুযোগ’ শীর্ষক আলোচনায় প্রতীচী ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। একই মঞ্চে তার দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু–মুসলমানের যুক্ত সাধনা’ বইয়ের নতুন মুদ্রণও প্রকাশিত হয়।



