পিরোজপুরে নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আসছে নতুন আহ্বায়ক কমিটি

পর্যটন সংবাদ ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দায়িত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগের তদন্ত চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় কমিটির কাছে কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ জমা পড়েছে। সেই কারণেই হয়তো কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি।

অন্যদিকে, নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে ওয়াহিদুজ্জামান ওহিদকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।

Read Previous

ইউরোপ ভ্রমণে সতর্কতা: ছোট ভুলেই মোটা অঙ্কের জরিমানা

Read Next

ওয়ালটন প্লাজার মহৎ উদ্যোগ: কিস্তি গ্রাহক পরিবারকে কোটি টাকার সহায়তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular