
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সতর্ক সংকেত থাকায় নৌযান ও ছোট নৌকাগুলোকে বিশেষভাবে সাবধানতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভ্রমণকারী ও পর্যটকদের জন্য বিশেষ পরামর্শ:
উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারগামী ভ্রমণকারীদের যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নেওয়া উচিত। হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে নৌপথে ভ্রমণে ঝুঁকি থাকতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই নিরাপদ।



