পর্যটন সংবাদ ডেস্ক: ইসরায়েলের দোহা হামলার পর কাতারের ভূমিকাকে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে “মহান মিত্র” হিসেবে আখ্যা দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সাবধান হতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সংযত থাকতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রোববার নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে আছে। এজন্য তাদের রাজনৈতিকভাবে অনেক বেশি সতর্ক থাকতে হয়। তবে আমি বলতে পারি, তারা সবসময় যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে।”
একই সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও দোহা হামলার প্রসঙ্গে সতর্ক করেন। ট্রাম্পের ভাষায়, “সবারই সাবধান হওয়া জরুরি। আক্রমণ যখন করা হয়, তখন সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সম্প্রতি নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে অংশ নেন ট্রাম্প। কাতারি দূতাবাস জানায়, ওই বৈঠক ছিল “খুব সফল।”
এর আগে দোহায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলার সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এ ঘটনায় পুরো অঞ্চল ও আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে।
ট্রাম্প হামলাকে একতরফা পদক্ষেপ আখ্যা দিয়ে বলেন, “এতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থ কোনোভাবেই সুরক্ষিত হচ্ছে না।” তিনি জানান, বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করতে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, দোহায় এ হামলার কারণে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে। কাতারই যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে গাজা সংকট সমাধানে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।



