
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো পদ্মা সেতুর মাধ্যমে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এর ফলে আর গাড়ি থামিয়ে টোল দিতে হবে না, নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় এই প্রযুক্তি চালু করা হয়েছে। প্রথমবার যারা এ সেবা নিতে চান, তাদের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ট্যাপ অ্যাপ-এ গিয়ে “ডি-টোল” অপশনের মাধ্যমে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে গিয়ে একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে।
প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। গাড়ি সেতুর লেন অতিক্রম করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।
এখন পর্যন্ত শুধুমাত্র ট্যাপ অ্যাপের মাধ্যমে সেবা মিললেও ভবিষ্যতে অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এই সিস্টেম চালুর ফলে পদ্মা সেতুতে যানবাহন চলাচল আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী পর্যটক ও ব্যবসায়ীদের ভ্রমণ অভিজ্ঞতা হবে আরও স্বাচ্ছন্দ্যময়।



