আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে মাহমুদুর রহমান

পর্যটন সংবাদ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সোমবার (১৫ সেপ্টেম্বর) সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সকালে সাড়ে ১০টার দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (মঙ্গলবার) এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন।

এ মামলায় ইতোমধ্যে মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে রেকর্ড করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি ও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দিয়ে জানান, শেখ হাসিনা ও কামালের নির্দেশেই গত বছরের জুলাই-আগস্টে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তার এ জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর।

প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক এবং শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্যে আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রায় আট হাজার ৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে তথ্যসূত্র, জব্দতালিকা, শহীদ পরিবারের বিবরণসহ নানা প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

Read Previous

দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টি সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Read Next

সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular