
পর্যটন সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ২৮১টি টহলদল মাঠে নামানো হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। শুধু ঢাকায়ই মোতায়েন আছে ৯৪টি টহলদল।
র্যাব জানিয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন তাদের কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত র্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য র্যাবের কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।



