
পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই আন্দোলনের কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচল ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে পূর্বাচল জামে মসজিদ থেকে মামুনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধান চেয়ে মানববন্ধন করেন তার পরিবার ও স্বজনরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। সন্তানরা বাবাকে খুঁজছে, আমি ওদের কীভাবে বোঝাবো? স্বামীকে ছাড়া আমরা একেবারেই অসহায় হয়ে পড়েছি।”
মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা-বাবাও ছেলেকে জীবিত ফেরত পাওয়ার আকুতি জানান।



