
পর্যটন সংবাদ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি বাংলায় ভাষণ শুরু করেন। বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরেন।
এর আগে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গত ১৪ মাসে সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের যেসব অগ্রগতি হয়েছে, সেগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করবেন ড. ইউনূস। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপও ভাষণে গুরুত্ব পাবে।
প্রেস সচিবের ভাষায়, প্রধান উপদেষ্টার মূল বার্তা হলো— আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।



