
পর্যটন সংবাদ ডেস্ক: ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ এ প্রস্তাব দেন।
রাষ্ট্রপতি বেগাজ জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি বাংলাদেশি কর্মী নিতে আবেদন করেছে। তিনি বলেন, কর্মসংস্থান ছাড়াও পর্যটন ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানো যেতে পারে। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরেন তিনি।
ড. ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনবল আলবেনিয়ার অর্থনীতিকে সমর্থন করতে সক্ষম। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। বর্তমানে বাংলাদেশিদের ভিসার জন্য নয়াদিল্লিতে আবেদন করতে হয়।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বেগাজ জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি তারা বিবেচনা করছেন। তিনি আরও বলেন, এ উদ্যোগ এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের সফর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন, বাংলাদেশ ডাক্তার, নার্স, কৃষিশ্রমিক থেকে শুরু করে শিল্প কারখানার শ্রমিক পর্যন্ত প্রশিক্ষিত জনবল সরবরাহে সক্ষম। তিনি নিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন।
এছাড়া রাষ্ট্রপতি বেগাজ ঘোষণা করেন, আন্তর্জাতিক তালিকাভুক্তি প্রকল্পের আওতায় আলবেনীয় বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিতে প্রস্তুত।
বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।



