পর্যটন সংবাদ ডেস্ক: তুরস্কের জনপ্রিয় পর্যটন এলাকা বালিকেসির প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। ধসে পড়েছে কমপক্ষে ১৬টি ভবন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্দিরগি শহর। এখান থেকেই ৮১ বছর বয়সী এক নারীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। ভূমিকম্পের কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত পুনর্বাসন ও সহায়তার আশ্বাস দিয়েছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর হতাহতের খবর নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বালিকেসির প্রদেশ তার সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রতীরবর্তী পর্যটনকেন্দ্রগুলোর জন্য দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের কাছে পরিচিত। তবে ভূমিকম্পের ঘটনায় সেখানে পর্যটন কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্কে এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। এখনো সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এবার উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন এই ভূমিকম্প পর্যটন খাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



