১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

পর্যটন সংবাদ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে তারা অবস্থান করছিলেন। ওই তাঁবুতে সরাসরি হামলা চালায় ইসরায়েলি সেনারা।

নিহতরা হলেন—প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ, এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। আল জাজিরা একে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত আক্রমণ ও ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’ বলে আখ্যা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, আনাস আল-শরীফ হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। তবে বাকি চার সাংবাদিকের বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, নিহতরা তখন ফ্রন্টলাইনে ছিলেন না, বরং হাসপাতালের সামনে সাংবাদিকদের নির্দিষ্ট স্থানে অবস্থান করছিলেন।

২৮ বছর বয়সী আনাস আল-শরীফ মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা সিটিতে চলমান তীব্র গোলাবর্ষণের কথা পোস্ট করছিলেন। তার মৃত্যুর পর একটি পূর্বলিখিত পোস্টও প্রকাশিত হয়।

আল জাজিরার অভিযোগ, গাজায় তাদের সাংবাদিকদের নিয়ে ইসরায়েলি সেনারা ধারাবাহিকভাবে উসকানিমূলক প্রচারণা চালিয়েছে, যা তাদের সরাসরি টার্গেট করার প্রমাণ বহন করে। সাংবাদিক সুরক্ষা সংস্থা সিপিজের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

Read Previous

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, পর্যটন এলাকা বালিকেসিরে বড় ধরনের ক্ষয়ক্ষতি

Read Next

চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জ বিএনপির দুই নেতা বহিষ্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular