ঢাকা, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টির সম্ভাবনা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে এসব অঞ্চলে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, যা স্থানীয় জনজীবনের পাশাপাশি পর্যটকদের চলাচলেও সমস্যা তৈরি করতে পারে।

সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে, যা অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত। এর ফলে অস্থায়ী জলাবদ্ধতা ও দুর্ভোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, পৃথক এক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপের কারণে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, যারা বরিশাল, খুলনা বা উপকূলীয় এলাকায় ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের যথাযথ সাবধানতা অবলম্বনের পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, এমন আবহাওয়ায় নৌ-ভ্রমণ, সমুদ্রসৈকত ঘোরা বা প্রকৃতি নির্ভর যেকোনো পর্যটন কার্যক্রম ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই পর্যটকদের নিরাপদে থাকার প্রতি গুরুত্ব দেওয়ার সময় এখনই।

Read Previous

প্রাকৃতিক সৌন্দর্যে সম্ভাবনা অপার, পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার পথ

Read Next

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি, ‘ফ্রেমওয়ার্ক ডিল’ আসছে নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular