
পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ১০ নম্বর হলে বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা অন্ধকারে ভোট দিচ্ছেন।
নির্বাচন শুরুর পর সাড়ে ১০টার দিকে হঠাৎ বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। দেরিতে ভোট শুরু হওয়ার কারণও ব্যালট আসার বিলম্ব এবং হলের বিদ্যুৎ বিভ্রাট। দায়িত্বে থাকা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে এবং জেনারেটরের ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যারা ভিতরে অবস্থান করছিলেন, তাদেরই ভোট গ্রহণ করা হচ্ছে, বাকিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
এই কেন্দ্রের ভোটগ্রহণ দেরিতে শুরু হওয়ায় লাইনে থাকা শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ১০ নম্বর হলে মোট ৫২২ জন ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে মোট ১১,৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



