
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি খরচ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে দাম কমানো হয়েছে প্রতি লিটার ০.৬৩৩৩ ডলার।
এর আগে আগস্ট মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েল প্রতি লিটার ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে বাড়ানো হয়েছিল, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ০.৬৪০১ ডলার থেকে ০.৬৫০২ ডলারে। নতুন হারের ফলে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য ভ্রমণ খরচ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) তাদের প্রস্তাবের ভিত্তিতে এ দাম নির্ধারণ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত ভ্রমণপ্রেমীদের জন্য স্বস্তির খবর বয়ে আনবে।
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানি খরচ কমলে ভ্রমণপ্যাকেজ এবং টিকিটের দামও প্রভাবিত হতে পারে। তাই আগামী মাসগুলোতে দেশের ভ্রমণ শিল্পে কিছুটা সস্তা ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।



