
পর্যটন সংবাদ ডেস্ক: শিন ইউয়েন গার্মেন্টসের একশ থেকে দেড়শ শ্রমিক বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারা আগস্ট মাসের বকেয়া বেতন দাবিতে এই প্রতিবাদে নেমেছেন।
স্থানীয়রা জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ নানা কারণে বেতন পরিশোধ না করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সকাল ৭.৩০টার দিকে দিঘিরপাড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।
শ্রমিকদের মধ্যে একজন জানান, “মালিকের সঙ্গে যোগাযোগ করা গেল না, মোবাইলও বন্ধ। আমাদের আজকের মধ্যেই বেতন চাই, না হলে মহাসড়ক খোলার কোনো প্রশ্নই নেই।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ। পুলিশ ও শ্রমিকদের মধ্যে আলোচনার পর প্রায় এক ঘণ্টার মধ্যে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, শ্রমিকদের বেতনের দাবি নিয়ে তারা বিক্ষোভ করছিলেন। পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে যাতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমাধান দ্রুত সম্ভব হয়।



