গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, পর্যটন সংবাদ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণের অভিযোগে আলোচিত মামলায় গ্রেপ্তার হওয়া মেজর (অব.) সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর। অন্যদিকে আসামিপক্ষ তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় সুমাইয়াকে আটক করে। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ডিএমপি জানায়, ১৭ জুলাই ওই গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করে তদন্তে নামে ডিবি পুলিশ।

এ ঘটনায় আলোচনায় আসে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর (অব.) সাদিকের নাম। ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাদিককে ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণও মিলেছে বলে জানায় আইএসপিআর।

আইএসপিআর আরও জানিয়েছে, তদন্ত শেষে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।

Read Previous

দুদকের মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমুল্লাহ

Read Next

সুষ্ঠু নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular