
পর্যটন সংবাদ ডেস্ক: আজ (৭ আগস্ট) থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই তিনি এই মন্তব্য করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, “বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ছিল অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায়ের শেষ দিন। আজ থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম। এই অধ্যায়ের মূল দায়িত্ব হবে একটি সুন্দর ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করা।”
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক কাঠামো স্থিতিশীল রাখার ব্যাপারেও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি সকল পক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, চলমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের পূর্ববর্তী প্রশাসনিক দায়িত্ব পালনের লক্ষ্যে গঠিত হয়েছে এবং এই সরকার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।



